মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়ে লড়াই সফল করার হুঁশিয়ারি ইশরাক হোসেনের
মাদকের সব আস্তানা ভেঙে দিয়ে মাদকবিরোধী লড়াই সম্পূর্ণ করার হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
মাদকের সব আস্তানা ভেঙে দিয়ে মাদকবিরোধী লড়াই সম্পূর্ণ করার হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে মাদক কারবারি ও নির্দিষ্ট কিছু সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন।
ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দেশের শীর্ষ আইনজীবীদের কাছ থেকে আইনের ব্যাখ্যা নেওয়ার সক্ষমতা কিছু নামকরা গণমাধ্যমের রয়েছে। এরপরও তাদের সংবাদ পরিবেশনের ধরন নিয়ে তিনি ক্ষোভ জানান। তাঁর অভিযোগ, সাম্প্রতিক অভিযানের পর এসব সংবাদমাধ্যমের আচরণ দেখে মনে হচ্ছে তারা নির্দিষ্ট এলাকার মাদকের সরবরাহকারী ছিল। এমনকি মাদকের আস্তানা থেকেই ওই পত্রিকাগুলোতে অর্থ জোগান দেওয়া হয় বলেও তিনি সন্দেহ প্রকাশ করেন।
নিজের নিরাপত্তার জন্য বৈধ লাইসেন্স করা অস্ত্র রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে মাদকের আখড়াগুলো লাঠি দিয়ে ভেঙে ফেলা হবে। এ সময় পুলিশ উপস্থিত থেকে বিষয়টি পর্যবেক্ষণ করবে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। এভাবে মাদকবিরোধী লড়াইয়ের ষোলকলা পূর্ণ করা হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।