ডেইলি বাংলাগ্রাম

পাটগ্রাম সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

পাটগ্রাম সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দৃঢ় অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবার গভীর রাতে বিএসএফের এই অপচেষ্টা প্রতিহত করেন বিজিবি সদস্যরা।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত তিনটার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারের কাছ দিয়ে আটজন পুরুষ, দুজন নারী ও দুটি শিশুকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে ৬১ বিজিবির একটি টহল দল দ্রুত সেখানে গিয়ে বাধা দেয়। বর্তমানে ওই ১২ জন ব্যক্তি বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ১০০ গজ দূরে ভারতের অংশে অবস্থান করছেন। সেখানে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি টহল ও নজরদারি জোরদার করেছে।

তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবির তৎপরতায় কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাদের আটক করা সম্ভব না হওয়ায় জিজ্ঞাসাবাদও করা যায়নি। তবে দলে আটজন পুরুষ, দুজন নারী ও দুটি শিশু ছিল। এ ঘটনায় বিএসএফের কাছে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে তিনি জানান।