সরকারকে নয়, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন, তারা আর সরকারকে নয়, বরং দেশের ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবেন।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন, তারা আর সরকারকে নয়, বরং দেশের ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবেন। তিনি মন্তব্য করেন, বিরোধী দলের সহায়তা নেওয়ার মতো যোগ্যতা বর্তমান সরকারের নেই। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘জুলাই সনদের ১ বছর: প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক এক মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে সভায় ১১ দলীয় ঐক্যের নেতারাও উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান বলেন, তারা শুরু থেকেই সরকারের সফলতা চেয়েছিলেন, পতন নয়। কিন্তু বিদ্যুৎ সংকট নিরসনে বিরোধী দলের টেকনিক্যাল টিমের সহায়তা নেওয়ার সাহস সরকার দেখাতে পারেনি। তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর বিএনপি নিজেদের অতীত ভুলে গেছে। তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জাতির সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছে। একই সঙ্গে তিনি সরকারি কর্ম কমিশনসহ (পিএসসি) বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে সরকারের নগ্ন হস্তক্ষেপ ও দলীয়করণের তীব্র সমালোচনা করেন।
উন্নয়ন বরাদ্দে বৈষম্যের অভিযোগ এনে জামায়াত আমির বলেন, সরকারি দলের এমপিদের বিশেষ সুবিধা দেওয়া হলেও বিরোধী দলের এমপিদের তা থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, জনগণের ভোটে নির্বাচিত তাদের ৮৯ জন সংসদ সদস্য সারা দেশের ১৮ কোটি মানুষের পাহারাদার হিসেবে কাজ করবেন। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কোনো প্রলোভনের কাছে মাথা নত না করে বিরোধী দল রাজপথে অটল থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।