৩৪২ কোটি টাকার প্যাড ক্রয়ে অনিয়মের অভিযোগ: সরকারের সমালোচনা হাসনাত আবদুল্লাহর
ফ্যামিলি কার্ড প্রকল্পের আওতায় ৩৪২ কোটি টাকার ট্যাবলেট কেনাকাটায় স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।
ফ্যামিলি কার্ড প্রকল্পের আওতায় ৩৪২ কোটি টাকার ট্যাবলেট কেনাকাটায় স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। নৌবাহিনীর শিপইয়ার্ডকে মাধ্যম বানিয়ে প্রতিষ্ঠানটি এই কাজ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার সরকারের সমালোচনা করে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আবদুল্লাহ তাঁর ফেসবুক পোস্টে লেখেন, দেশে বর্তমানে বিনিয়োগ, কর্মসংস্থান কিংবা বাজারে কোনো স্বস্তি নেই। এর বিপরীতে মন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠছে। কখনো কোনো মন্ত্রীর ছেলে, কখনো স্ত্রী বা ভাইয়ের নাম এসব ঘটনায় জড়াচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে ১৫০ টাকার খাবারের গল্প শুনিয়ে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিচ্ছেন। অথচ মন্ত্রীদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সম্পদ লুটপাটের খবর প্রকাশ পাচ্ছে। জনগণের ওপর সাশ্রয়ের বোঝা চাপিয়ে ক্ষমতাবানদের স্বজনদের এমন সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি এই কর্মকাণ্ডের উদ্দেশ্য জানতে চান।