ডেইলি বাংলাগ্রাম

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ৯ মাসে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লক্ষ্য করে ৪১০টি অসত্য তথ্য ছড়ানো হয়েছে।

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ৯ মাসে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লক্ষ্য করে ৪১০টি অসত্য তথ্য ছড়ানো হয়েছে। একই সময়ে বিএনপিকে নিয়ে ১ হাজার ১৫৮টি এবং বর্তমান সরকারকে নিয়ে ৪৫১টি অপতথ্য প্রচারের প্রমাণ মিলেছে। একটি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রতিবেদনের বরাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী) এই পরিসংখ্যান তুলে ধরেন।

শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সংগঠনটির নতুন সদস্যদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। প্রেস সচিব বলেন, অপতথ্য ও গুজব বর্তমানে সাংবাদিকতার ক্ষেত্রে বড় সংকট সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য ছড়ালেও মূলধারার গণমাধ্যমের ওপর মানুষের আস্থা এখনো অটুট রয়েছে। তিনি অপতথ্য রোধে কার্যকর আইনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। একই সঙ্গে সাইবারসংক্রান্ত আইন যেন গণমাধ্যমের স্বাধীনতা ব্যাহত না করে, তা নিশ্চিত করার তাগিদ দেন।

সত্য প্রকাশের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সরকারের ভালো কাজের প্রসারের পাশাপাশি যেকোনো অনিয়ম সাহসের সঙ্গে প্রকাশ করতে হবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন গণতন্ত্র ও ন্যায়বিচার রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার কথা বলেন। সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় এ সময় সংগঠনের সহসভাপতি মেহেদী আজাদ মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল ও সাংগঠনিক সম্পাদক এম এম জসিমসহ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।