ডেইলি বাংলাগ্রাম

রোপিত চারার তথ্য প্রতি তিন মাসে জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশব্যাপী লাগানো গাছের চারা বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোপিত চারার তথ্য প্রতি তিন মাসে জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশব্যাপী লাগানো গাছের চারা বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রতি তিন মাস অন্তর এসব চারার বর্তমান অবস্থা ও হালনাগাদ তথ্য জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকাল ১০টায় সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে আয়োজিত সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় জানানো হয়, দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গত ১৩ জুন থেকে এখন পর্যন্ত ৩ কোটি ৫৭ লাখ চারা লাগানো হয়েছে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ ও মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা খানম উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণকে নিজের বিশেষ উদ্যোগ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর সুফল সবাই ভোগ করবেন। তাই তিনি সবাইকে পরিবেশ রক্ষায় নিজ থেকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে পাহাড়ি এলাকাসহ উজাড় হওয়া বনে নতুন গাছ লাগানো এবং এই উদ্যোগে শিশুদের সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি।

সভায় পরিবেশমন্ত্রী জানান, চারার সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী বছর সারা দেশে ৫০৩টি নার্সারি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এগুলো নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সবুজ কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে। এ ছাড়া সভায় মা গাছ সংরক্ষণ, সুন্দরবনের সুরক্ষা ও পরিধি বাড়ানো এবং প্রণোদনার মাধ্যমে ছাদবাগান সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।