গুলশান লেক থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
রাজধানীর গুলশানের একটি লেক থেকে বৃহস্পতিবার এক অজ্ঞাতপরিচয় যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীর গুলশানের একটি লেক থেকে বৃহস্পতিবার এক অজ্ঞাতপরিচয় যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৩০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারের সময় তাঁর পরনে জিনসের প্যান্ট ছিল।
গুলশান থানার উপপরিদর্শক আরিফুর রহমান জানান, গুলশান-২ এলাকার ১২৮ নম্বর সড়কসংলগ্ন লেকে দুপুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। বেলা তিনটার দিকে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় মরদেহটি পানি থেকে তোলা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরিফুর রহমান আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।