ডেইলি বাংলাগ্রাম

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক নিহত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিক নিহত হয়েছেন।

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক নিহত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত লুৎফুজ্জামান ‘রূপসী বাংলা’ নামের একটি ইন্টারনেট প্রটোকল টেলিভিশনের (আইপিটিভি) জেলা প্রতিনিধি ছিলেন। এর পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজে বিভিন্ন অনিয়ম ও অপরাধ নিয়ে লিখতেন। তাঁর গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, লুৎফুজ্জামান তেলনজিয়া বাজারের একটি দোকান থেকে চা খেয়ে বের হচ্ছিলেন। ওই সময় দুই যুবক এসে খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে পর পর কয়েকটি গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে গত বছরের ১০ নভেম্বর দুপুরে সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় লুৎফুজ্জামানকে কুপিয়ে জখম করেছিল দুর্বৃত্তরা।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, ওই সাংবাদিকের মাথা, গলা ও বুকসহ শরীরের নানা জায়গায় পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এদিকে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।