ডেইলি বাংলাগ্রাম

কুমিল্লায় জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির আহ্বায়ক সাময়িক বরখাস্ত

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

কুমিল্লায় জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির আহ্বায়ক সাময়িক বরখাস্ত

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোলাম মোহাম্মদ সামদানীকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না, সে জন্য দ্রুত শোকজ নোটিশ পাঠানো হবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি দলের নাম, পদবি বা প্রতীক ব্যবহার করতে পারবেন না। সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা ও দলীয় বক্তব্য দেওয়া থেকেও তাকে বিরত থাকতে বলা হয়েছে। এ সময়ে তার কোনো ব্যক্তিগত কাজের দায় দল নেবে না। পাশাপাশি মহানগর শাখার কার্যক্রম এগিয়ে নিতে দ্রুত একজন ভারপ্রাপ্ত আহ্বায়ক নিয়োগ দেওয়া হবে।

এবি পার্টি জানায়, তারা রাজনৈতিক শিষ্টাচার ও পরমতসহিষ্ণুতায় বিশ্বাসী। অন্য কোনো দলের অভ্যন্তরীণ কোন্দলে জড়ানো বা পক্ষ নেওয়া দলের নীতির সঙ্গে মেলে না। তাই সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ সচেতন ও দায়িত্বশীল আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।