ডেইলি বাংলাগ্রাম

বিদেশে ওষুধ পাচার চক্রের চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিদেশে ওষুধ পাচারের অভিযোগে এক চীনা নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৩।

বিদেশে ওষুধ পাচার চক্রের চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিদেশে ওষুধ পাচারের অভিযোগে এক চীনা নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৩। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের ওষুধ এবং নগদ ৬ লাখ ৬ হাজার ১৪০ টাকা উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার শাহজাহানপুরে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চীনা নাগরিক লি ফেন এবং তাঁর সহযোগী বকুল নাহার বীথি, ইউনুস আলী ও সজীব হাওলাদার। এসআরবি জানায়, চক্রটি সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামে ওষুধ পাঠাত। এ দেশে কম দামে পাওয়া ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের ওষুধ বিদেশে পাঠানো হতো। অধিক মুনাফার লোভে কিছু ওষুধ কোম্পানির অসাধু কর্মীও এই অবৈধ কারবারে যুক্ত ছিলেন।

কর্মকর্তারা জানান, লি ফেন চলতি বছরের আগস্টে পর্যটন ভিসায় বাংলাদেশে আসেন। তিনি ভিসার মেয়াদ শেষের আগেই চীনে যেতেন এবং কয়েক দিনের মধ্যে আবার ফিরে আসতেন। তাঁর সহযোগী বীথি চীনের হুনান নরমাল ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষে দেশে ফিরে দোভাষী হিসেবে কাজ শুরু করেন। এর আগে গত ১৩ অক্টোবর লাওসের শুল্ক বিভাগ বৈধ কাগজপত্র না থাকায় কুরিয়ারে যাওয়া চক্রটির ১০০ কেজির একটি ওষুধের চালান জব্দ করে।