সারের ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ মিয়া গোলাম পরওয়ারের
সারের ডিলার নিয়োগে নিয়ম লঙ্ঘন, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সারের ডিলার নিয়োগে নিয়ম লঙ্ঘন, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেন, আসল ব্যবসায়ীদের সুযোগ না দিয়ে দলীয় নেতা ও সংসদ সদস্যদের স্বজনদের ডিলারশিপ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার যোগ্যতার বদলে দলীয় পরিচয়কে প্রাধান্য দিয়ে ডিলার নিয়োগ দিচ্ছে। এছাড়া ঘুষের মাধ্যমে এই নিয়োগের সুবিধা ভাগাভাগি করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। অবিলম্বে এই দুর্নীতির নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীদের শাস্তির দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, দেশ পরিচালনায় জাতীয় স্বার্থের চেয়ে দলীয় স্বার্থকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে বুধবার কুমিল্লায় ঘটে যাওয়া ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে আখ্যা দেন জামায়াতের এই নেতা। তিনি জানান, ওই ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।