ডেইলি বাংলাগ্রাম

দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ: ব্যাংককে অর্থমন্ত্রী

বর্তমান বৈশ্বিক যুদ্ধ এবং উত্তরাধিকারসূত্রে পাওয়া পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সন্তোষ প্রকাশ করেছে।

দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ: ব্যাংককে অর্থমন্ত্রী

বর্তমান বৈশ্বিক যুদ্ধ এবং উত্তরাধিকারসূত্রে পাওয়া পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সন্তোষ প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, দেশের বিভিন্ন সংস্কার কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আইএমএফ এবং বিশ্বব্যাংকের সঙ্গে ফলপ্রসূ আলোচনা এগিয়ে চলছে।

অর্থমন্ত্রী বলেন, গত কয়েক দিনে দুই পক্ষের প্রতিনিধি দল তথ্য বিনিময়সহ নানা বিষয়ে বিশদ পর্যালোচনা করেছে। বৈঠকে ব্যাংকিং খাতের পুনঃমূলধনীকরণ, কর-জিডিপি অনুপাত এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এসব ক্ষেত্রে সংস্থাটির পর্যবেক্ষণের পাশাপাশি বাংলাদেশেরও নিজস্ব মতামত রয়েছে। ইতোমধ্যে বেশ কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে এবং বাকি বিষয়গুলো আগামী কয়েক মাসের ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে সমাধানের পথ খুঁজে পাবে। এর মাধ্যমে নতুন কর্মসূচি নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, সরকারের নির্বাচনী ইশতেহার ও নিজস্ব উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করা হবে। কোনো বিষয়ে মতপার্থক্য থাকলে তা ধৈর্যের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। উল্লেখ্য, আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সম্মেলন গত ১২ অক্টোবর ব্যাংককে শুরু হয়েছে এবং তা ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। এই আন্তর্জাতিক সভায় বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও শীর্ষ নীতিনির্ধারকেরা যোগ দিয়েছেন।