ডেইলি বাংলাগ্রাম

উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগ নিচ্ছে জামায়াত, যুক্ত হতে পারেন বিশিষ্ট ব্যক্তিরা

জামায়াতে ইসলামী একটি উপদেষ্টা পরিষদ গঠনের পরিকল্পনা করছে।

উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগ নিচ্ছে জামায়াত, যুক্ত হতে পারেন বিশিষ্ট ব্যক্তিরা

জামায়াতে ইসলামী একটি উপদেষ্টা পরিষদ গঠনের পরিকল্পনা করছে। সরাসরি দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নন—এমন অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের এই পরিষদে অন্তর্ভুক্ত করা হবে। সাবেক আমলা, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বীদেরও এখানে যুক্ত করার প্রস্তাব রয়েছে। দলটিকে বিভিন্ন নীতিগত বিষয়ে পরামর্শ দেওয়া এবং পরবর্তীতে দেশ পরিচালনায় অবদান রাখাই হবে এই পরিষদের প্রধান কাজ।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর এই পরিষদ গঠনের বিষয়টি আলোচনায় আসে। গত জুন মাসে দলের মজলিশে শুরার বৈঠকে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জামায়াতের আমির শফিকুর রহমান পরবর্তী মজলিশে শুরার বৈঠকে বিষয়টি এজেন্ডা হিসেবে তুললে সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিষদ গঠনের উদ্দেশ্য, সদস্য বাছাই প্রক্রিয়া এবং দায়িত্বের পরিধি নির্ধারণে আরও পর্যালোচনা করতে চায় দলটি।

জামায়াতের নিয়ম অনুযায়ী রুকন বা শপথধারী না হলে নেতৃত্বে আসার সুযোগ থাকে না। তাই দলের বাইরে থাকা শুভাকাঙ্ক্ষী ও অভিজ্ঞ ব্যক্তিদের নীতিনির্ধারণে যুক্ত করতেই এই প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিষদ গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হলে গঠনতন্ত্রে নতুন ধারা যুক্ত করা হবে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠনতন্ত্রে আরও কিছু সংশোধনী আনার প্রক্রিয়াও চলছে।