জুলাইয়ের কথা বললেও বিএনপির অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আব্দুল্লাহ
বিএনপির বর্তমান রাজনৈতিক ভূমিকার তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বিএনপির বর্তমান রাজনৈতিক ভূমিকার তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করে বলেন, দলটির মুখে জুলাইয়ের কথা থাকলেও তাদের অন্তরে রয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার বাংলামোটরে ‘জুলাই গণহত্যার বিচার: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহর মতে, জুলাই অভ্যুত্থানের পর বিএনপির এই দ্বিচারিতা সাধারণ মানুষকে গভীর অস্বস্তিতে ফেলেছে।
তিনি বলেন, বর্তমানে বিএনপিতে দুটি ধারা দেখা যাচ্ছে। একটি পক্ষ বিগত দেড় থেকে দুই দশক ধরে আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই করেছে এবং মামলা-নির্যাতনের শিকার হয়েছে। অন্য পক্ষটি ৫ আগস্টের পর নতুন করে বিএনপিতে এসেছে। এই সুযোগসন্ধানীরা আওয়ামী লীগের প্রভাবশালীদের সঙ্গে আঁতাত করে সারা দেশে মামলা বাণিজ্য শুরু করেছে বলে তিনি অভিযোগ তোলেন। তাঁর দাবি, ভুক্তভোগী পরিবারকে না জানিয়ে দুই থেকে আড়াই শ জনের বিরুদ্ধে ঢালাও মামলা দেওয়া হচ্ছে এবং পরে টাকার বিনিময়ে রফাদফা করা হচ্ছে। মামলা বাণিজ্য চালু রাখার স্বার্থেই হত্যাকাণ্ডের অভিযোগপত্র দিতে দেরি করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর একটি পক্ষ আওয়ামী লীগকে পুনর্বাসন, এস আলমের সম্পদ নিয়ন্ত্রণ, বালুমহাল ও সিএনজি স্ট্যান্ড দখল এবং সারের ডিলারশিপের ভাগবাটোয়ারায় জড়িয়ে পড়েছে। এ সময় তিনি অবিলম্বে জুলাই হত্যাকাণ্ডের দ্রুত অভিযোগপত্র দেওয়া এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানান। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক আঁতাতের দায় বিএনপিকেই নিতে হবে।