অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির জন্য সিটি করপোরেশনের ব্যর্থতাকে দায়ী করলেন সাদিক কায়েম
রাজধানীর চকবাজারের মনসুর খান প্লাজায় আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও ডাকসু ভিপি সাদিক কায়েম।
রাজধানীর চকবাজারের মনসুর খান প্লাজায় আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও ডাকসু ভিপি সাদিক কায়েম। মঙ্গলবার বিকেলে তিনি ঘটনাস্থলে যান। এ সময় তিনি অভিযোগ করেন, সিটি করপোরেশনের অব্যবস্থাপনা এবং রাষ্ট্রের অবহেলার কারণে আগুনে মানুষ সর্বস্ব হারাচ্ছে। ভবন নির্মাণে নিয়ম মানা হচ্ছে কি না তা তদারকি না করায় অগ্নিকাণ্ডের জন্য সিটি করপোরেশনই সবচেয়ে বেশি দায়ী।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের কাছে আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম এবং কর্মীদের উন্নত প্রশিক্ষণের ঘাটতি রয়েছে। এর ফলে উদ্ধারকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি উদ্ধারকর্মীদের জীবন ঝুঁকিতে পড়ছে। সোমবার রাতে চকবাজারের এই আগুন নেভাতে গিয়ে চারজন ফায়ার ফাইটার আহত হওয়ার কথা তুলে ধরে তিনি ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করার দাবি জানান।
ভবিষ্যতে দায়িত্ব পেলে ঢাকাকে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন সাদিক কায়েম। তিনি জানান, তখন অগ্নিদুর্ঘটনা রোধসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা হাজী হাফেজ এনায়েত উল্লাহ, জামায়াত নেতা শাহীন আহমেদ খান, অধ্যক্ষ এস এম আহসান উল্লাহ, আনিছুর রহমান ও রফিকুল ইসলাম সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা।