ডেইলি বাংলাগ্রাম

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

আসন্ন ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ সফল করতে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

আসন্ন ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ সফল করতে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা ও মুন্সিগঞ্জ জেলার দায়িত্বশীলদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। গণভোটের রায় কার্যকর করাসহ সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্য এই কর্মসূচির ডাক দিয়েছে।

লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে সভায় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা মো. দেলোয়ার হোসাইন, সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন, মুন্সিগঞ্জ জেলা আমির মাওলানা রুহুল কুদ্দুস এবং সেক্রেটারি ফখরুদ্দীন রাজী এতে অংশ নেন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলা সভাপতি মো. হারুন অর রশীদ ও মুন্সিগঞ্জ জেলা সভাপতি মো. খিদির আ. সালামের পাশাপাশি ছাত্রশিবিরের মুন্সিগঞ্জ জেলা সভাপতি মো. রিফাত হোসাইন, প্রচার সেক্রেটারি আসজাদ আব্দুল্লাহ, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আবু ফাত্তাহ মো. তুর্জ এবং উত্তরের সভাপতি আলমগীর হোসাইন রাকিব সভায় উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা-মুন্সিগঞ্জ অংশের মাওয়া মহাসড়কে লংমার্চের অভ্যর্থনা ও প্রচার কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া ১১ দলীয় শরিকদের সঙ্গে সমন্বয় রক্ষা এবং বিভিন্ন স্তরে দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট নেতাদের তাগিদ দেওয়া হয়েছে।