জামিন পেয়েই ‘জয় বাংলা’ স্লোগান আইভীর
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনর্জামিন মঞ্জুর করেছেন আদালত।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনর্জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তিনি নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতে সশরীরে উপস্থিত হয়ে আবেদন করেন। শুনানি গ্রহণ শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক আবু শামীম আজাদ তার জামিনের আদেশ দেন।
সিদ্ধিরগঞ্জ থানায় করা এ মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাতের নামও রয়েছে। এছাড়া শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ৯৯ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, মামলাটির চূড়ান্ত প্রতিবেদন ও জামিন শুনানির নির্ধারিত দিনে আদালত তাদের আবেদন মঞ্জুর করেন। এদিকে আদালত প্রাঙ্গণ ছেড়ে গাড়িতে ওঠার সময় ডা. সেলিনা হায়াৎ আইভী ‘জয় বাংলা’ এবং ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না’ স্লোগান দেন।