ডেইলি বাংলাগ্রাম

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার দায় শেখ হাসিনার: জামায়াত আমির

যুক্তরাষ্ট্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি দায়ী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার দায় শেখ হাসিনার: জামায়াত আমির

যুক্তরাষ্ট্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি দায়ী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দূর থেকেই তাঁর অনুসারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন। ফলে ড. ইউনূসের ওপর চালানো এই অপকর্মের মূল দায় তাঁকেই নিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এই ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, দেশ থেকে বিতাড়িত হয়েও এই গোষ্ঠী তাদের সন্ত্রাসী আচরণ বজায় রেখেছে এবং এর মাধ্যমে নিজেদের ফ্যাসিস্ট চরিত্র গোটা বিশ্বের সামনে তুলে ধরছে। সুদূর যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের সঙ্গে ঘটা অপ্রীতিকর ঘটনাটি তারই প্রমাণ।

এমন ঘটনার পর সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে দাবি করেন ডা. শফিকুর রহমান। তিনি বিষয়টি নিয়ে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পোস্টের শেষ অংশে এই ন্যক্কারজনক ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে তিনি ‘শেইম’ শব্দটি লেখেন।