মতলব উত্তরে জেলেদের ধাওয়ায় নৌ পুলিশের বোটডুবি, অস্ত্র নিখোঁজ
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে জেলেদের ধাওয়ার মুখে পড়েছে নৌ পুলিশ।
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে জেলেদের ধাওয়ার মুখে পড়েছে নৌ পুলিশ। এতে পুলিশের একটি স্পিডবোট উল্টে নদীতে ডুবে যায়। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ছটাকী এলাকায় এই ঘটনা ঘটে। বোটটিতে থাকা নৌ পুলিশের ১০ সদস্য সাঁতরে রক্ষা পেলেও তাঁদের সঙ্গে থাকা একটি শটগান পানিতে তলিয়ে যায়।
পুলিশ জানায়, গত ৮ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি অভিযান শুরু হয়। এই উপলক্ষে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইনের নেতৃত্বে একটি দল ভোরে নদীতে নামে। সকাল সাড়ে সাতটায় মতলব উত্তরের ষাটনল ও ছটাকী এলাকায় জেলেরা মাছ ধরছিলেন। পুলিশ তাঁদের ধাওয়া দিলে জেলেরা উল্টো পাল্টা ধাওয়া দেয়। এতে পুলিশের স্পিডবোটটি উল্টে যায়।
খবর পেয়ে চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, উল্টে যাওয়া স্পিডবোটটি উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নদীতে হারিয়ে যাওয়া শটগানটি খুঁজতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।