স্থলভাগে ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা সরকারের: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
দেশে জ্বালানি অনুসন্ধান কার্যক্রম জোরদার করতে স্থলভাগে ১৫০টি গ্যাসকূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার।
দেশে জ্বালানি অনুসন্ধান কার্যক্রম জোরদার করতে স্থলভাগে ১৫০টি গ্যাসকূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে চলতি অর্থবছরে ৩০টি কূপ খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে তিনটির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আব্দুর রহিম সাকি এই তথ্য জানান। তিনি বলেন, দেশের নিজস্ব গ্যাসের উৎসগুলো কাজে লাগাতে সরকারের উত্তোলন সক্ষমতা বাড়ানো হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও জানান, জাতীয় স্বার্থ প্রাধান্য দিয়ে সমুদ্রাঞ্চলেও গ্যাস অনুসন্ধানে নতুন উৎপাদন অংশীদারত্ব চুক্তি করা হয়েছে। ২০৩৪ সালের মধ্যে দেশকে এক লাখ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য রয়েছে। এই লক্ষ্য অর্জনে সমুদ্রসম্পদকে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বড় ভূমিকা রাখতে হবে। সুনীল অর্থনীতির বিকাশে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সেল কাজ করছে। এ ছাড়া পরিকল্পনা মন্ত্রণালয় জাহাজ নির্মাণশিল্প, বন্দর উন্নয়ন এবং যোগাযোগব্যবস্থার আধুনিকায়নকে অগ্রাধিকার দিচ্ছে।
আইইউবির বঙ্গোপসাগর গবেষণা কেন্দ্রের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ডিএমকে লেকচার গ্যালারিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি জাভেদ হোসেন জানান, ২১ হাজার টন জ্বালানি তেল খালাসে সিঙ্গাপুরে মাত্র কয়েক ঘণ্টা লাগলেও চট্টগ্রাম বন্দরে তিন থেকে পাঁচ দিন ব্যয় হয়। সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ম. তামিম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম। পরিশেষে ধন্যবাদ জানান অধ্যাপক ড. বখতিয়ার আহমেদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী মারিয়াম বিনতে হাসান ফারিন।