ফায়ার সার্ভিসের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। সোমবার এক আনুষ্ঠানিকতার মাধ্যমে তিনি বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে এই দায়িত্ব বুঝে নেন। এর আগে গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন মহাপরিচালক নিয়োগ ও পূর্ববর্তী মহাপরিচালককে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
অধিদপ্তরটিতে দুই বছর ১০ দিন দায়িত্ব পালন শেষে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে গেছেন। নিজ দপ্তরে দায়িত্ব হস্তান্তরের পর তিনি প্রতিষ্ঠানের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। এ সময় তিনি কর্মকালীন বিভিন্ন স্মৃতি স্মরণ করেন এবং দায়িত্ব পালনে আন্তরিক সহযোগিতা করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে দায়িত্ব গ্রহণের পর সোমবার বিকেল ৪টায় অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তিনি অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি জনগণের জানমালের সুরক্ষা, অগ্নিনিরাপত্তা এবং দুর্যোগে দ্রুত উদ্ধার তৎপরতা চালাতে পেশাগত দক্ষতা বৃদ্ধির তাগিদ দেন তিনি। সবার সম্মিলিত প্রচেষ্টায় সেবার মান আরও উন্নত করার আশাবাদ ব্যক্ত করেন নতুন মহাপরিচালক।