সৌদি আরবে হামলার জেরে ঢাকা থেকে ৫১ ফ্লাইট বাতিল, বিপাকে ৫৪১৮ যাত্রী
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথিদের হামলার প্রেক্ষাপটে ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ৫১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথিদের হামলার প্রেক্ষাপটে ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ৫১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে বাংলাদেশ থেকে যাওয়ার অপেক্ষায় থাকা ৫ হাজার ৪১৮ জন যাত্রী অনিশ্চয়তায় পড়েছেন। শনিবার থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের এই ফ্লাইটগুলো বন্ধ থাকবে বলে সোমবার বিকেলে শাহজালাল বিমানবন্দরের কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব জানিয়েছেন।
বাতিল হওয়া সূচির মধ্যে সরাসরি ফ্লাইট রয়েছে ১২টি এবং ট্রানজিট ফ্লাইট ৩৯টি। সরাসরি যাত্রার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি, সাউদিয়ার তিনটি, রিয়াদ এয়ারওয়েজের তিনটি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ট্রানজিট সার্ভিসের আওতায় ইন্ডিগো এয়ারলাইনসের ১৬টি, এমিরেটস এয়ারলাইনসের নয়টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি, ফ্লাই দুবাইয়ের পাঁচটি, সালাম এয়ারের তিনটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়।
গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি ও চার সৌদি নাগরিকসহ ১৩ জন প্রাণ হারান এবং ৩০৮ জন আহত হন। নিহতদের তালিকায় ভারত, যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিকও ছিলেন। এই ঘটনার পরদিন রোববার একই বিমানবন্দরে হুথিরা আবারও আক্রমণ চালালে একজন পাকিস্তানি নিহত হন এবং আরও ১১ জন আহত হন।