এপ্রিল-জুন প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ
চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) নিট প্রবাহ ১২ দশমিক ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) নিট প্রবাহ ১২ দশমিক ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে দেশে নিট এফডিআই এসেছে ৩৪৬ দশমিক ৯৪ মিলিয়ন ডলার। মূলত দেশে থাকা বিদেশি প্রতিষ্ঠানগুলোর অর্জিত মুনাফা পুনর্বিনিয়োগ করার কারণে এ খাতের প্রবৃদ্ধি হয়েছে। এই তিন মাসে নিট পুনর্বিনিয়োগকৃত আয় ৫৫ দশমিক শূন্য ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬০ দশমিক ৯১ মিলিয়ন ডলারে।
তবে এই সময়ে নতুন ইক্যুইটি মূলধনের নিট প্রবাহ ৪ দশমিক ৭৭ শতাংশ কমে ৭৭ দশমিক ৪২ মিলিয়ন ডলারে নেমেছে। এছাড়া আগের ঋণ পরিশোধের কারণে আন্তঃকোম্পানি ঋণের নিট প্রবাহ ৮৫ দশমিক ১৭ শতাংশ কমে ৮ দশমিক ৬১ মিলিয়ন ডলার হয়েছে, যদিও মোট ঋণ এসেছিল ৩৩৩ দশমিক ৮০ মিলিয়ন ডলার। খাতভিত্তিক হিসাবে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) বাইরে নিট এফডিআই ২০ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ২৮০ দশমিক ৮৮ মিলিয়ন ডলারে পৌঁছায়। বিপরীতে অর্থনৈতিক অঞ্চলগুলোতে নিট এফডিআই ২৫ দশমিক ৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৫১ মিলিয়ন ডলারে, যা অবশ্য আগের প্রান্তিকের শূন্য দশমিক ৪২ মিলিয়ন ডলারের চেয়ে বেশি।
ইনভেস্ট বাংলাদেশের সদস্য (বিনিয়োগ উন্নয়ন) নাহিয়ান রহমান রচি জানান, পুরোনো প্রতিষ্ঠানগুলোর পুনর্বিনিয়োগ বৃদ্ধি দেশের দীর্ঘমেয়াদি সম্ভাবনার ওপর আস্থার প্রমাণ দেয়। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে পাইপলাইনে থাকা ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রকল্প দ্রুত বাস্তবায়নে কাজ চলছে। পাশাপাশি এক দশকের বেশি সময় আটকে থাকা চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ২০২৮ সালের মধ্যে এই প্রকল্প শেষ করার লক্ষ্য রয়েছে, যেখানে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগ রয়েছে। সম্প্রতি সংস্থাটির ১৮০ দিনের অগ্রগতি প্রতিবেদনেও কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।