ডেইলি বাংলাগ্রাম

শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর লাশের পাশে বসে ধূমপান, স্বামী আটক

গাজীপুরের শ্রীপুরে নয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর লাশের পাশে বসে ধূমপান, স্বামী আটক

গাজীপুরের শ্রীপুরে নয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্বামী উদ্ভব চন্দ্র দাসকে (২৮) আটক করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম সীমা রানী দাস (২৫)। তিনি চিনাশুকানিয়া গ্রামের উদ্ভবের স্ত্রী।

ঘটনার সময় উদ্ভব নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে স্ত্রীকে হত্যার কথা জানান। এরপর তিনি ঘরের আলো নিভিয়ে ভেতর থেকে দরজা আটকে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে দরজা খুলতে বলে। দরজা খোলার পর পুলিশ দেখতে পায়, তিনি স্ত্রীর মরদেহের পাশে বসে ধূমপান করছেন। সেখান থেকে পুলিশ তাঁকে আটক করে এবং নিহতের রক্তাক্ত দেহ উদ্ধার করে। সীমার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

স্বজনদের বরাতে জানা যায়, উদ্ভব মাদকাসক্ত ছিলেন এবং তিন মাস আগে একটি পুনর্বাসনকেন্দ্র থেকে বাড়ি ফিরেছিলেন। মাদকাসক্তির কারণে তাঁর আগের স্ত্রী চলে যাওয়ার পর প্রায় দুই বছর আগে সীমাকে বিয়ে করেন তিনি। ঘটনার রাতে অন্য ঘরে থাকা উদ্ভবের বাবা বিষয়টি টের পাননি। শ্রীপুর থানার পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।