দিল্লির আন্দোলনের সমর্থনে শাহবাগে সমাবেশ ও মশালমিছিল
ভারতে চলমান আন্দোলনে দমন-পীড়ন বন্ধ ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মশালমিছিল হয়েছে।
ভারতে চলমান আন্দোলনে দমন-পীড়ন বন্ধ ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মশালমিছিল হয়েছে। আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই কর্মসূচি পালন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ যুব ফ্রন্ট।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক রাশেদ শাহরিয়ার। তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনে দমন-পীড়ন চালিয়ে ভারত নিজেদের কথিত বৃহত্তম গণতন্ত্রের আসল রূপ প্রকাশ করেছে। বিদ্যমান ব্যবস্থার সংকট কাটাতে বিপ্লবী গণ-আন্দোলনের ওপর জোর দিয়ে তিনি আটক ব্যক্তিদের মুক্তি ও দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভারতীয় ছাত্র-জনতার প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।
ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন নওশিন মুসতারি সাথী, পঙ্কজনাথ সূর্য ও রবিউল করিম। সমাবেশ শেষে শাহবাগ এলাকায় একটি মশালমিছিল প্রদক্ষিণ করে।