সাংস্কৃতিক ফ্যাসিবাদ মোকাবিলায় যোগ্যতা অর্জনের আহ্বান নূরুল ইসলাম বুলবুলের
৩৬ জুলাই আন্দোলনের পরও দেশে কালচারাল ফ্যাসিস্টরা সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।
৩৬ জুলাই আন্দোলনের পরও দেশে কালচারাল ফ্যাসিস্টরা সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। এদের কারণে দেশ এখনও হুমকির মুখে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, চূড়ান্ত বিপ্লব সফল করতে সাংস্কৃতিক বিজয় অপরিহার্য। তাই ফ্যাসিস্টদের মোকাবিলায় সাংস্কৃতিক দক্ষতা অর্জনের তাগিদ দেন তিনি। শনিবার রাতে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সাহিত্য ও সংস্কৃতি বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। কবি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং মাহবুব মুকুলের সঞ্চালনায় এতে বক্তব্য দেন শিল্পী সাইফুল্লাহ মানছুর ও শিল্পী তাফাজ্জল হোসেন খান। তাঁরা সুস্থ সংস্কৃতির বিকাশ এবং শিরকমুক্ত নাতে রাসুল রচনার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. শামসুল আলম, প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, কবি ও সম্পাদক জাকির আবু জাফর, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন এবং ড. মোবারক হোসাইন।
এই আয়োজনে ১৩টি জোনের ৪টি গ্রুপে কয়েক হাজার প্রতিযোগী অংশ নেন। তাঁদের মধ্য থেকে বাছাই করা ২২৪ জনকে নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। কেরাত ও হামদ-নাত মিলিয়ে ৪টি গ্রুপ থেকে সর্বমোট ৮০ জন প্রতিযোগী বিজয়ী হন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।