ডেইলি বাংলাগ্রাম

নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আগে ইসলামী সমাজ গঠন জরুরি: দেলাওয়ার হোসেন

ইসলামী রাষ্ট্র গঠনের আগেই একটি ইসলামী সমাজ গড়ে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন।

নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আগে ইসলামী সমাজ গঠন জরুরি: দেলাওয়ার হোসেন

ইসলামী রাষ্ট্র গঠনের আগেই একটি ইসলামী সমাজ গড়ে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন। শনিবার (১০ অক্টোবর) দুপুরে রহিমানপুর ইউনিয়নের ডেবাডাঙ্গী এলাকায় আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। তাঁর মতে, সৎ ও মানবিক নেতৃত্ব ছাড়া মানুষের অধিকার নিশ্চিত করা যায় না। তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে এই আসনে বিভিন্ন দলের ব্যক্তিরা সংসদ সদস্য নির্বাচিত হলেও সাধারণ মানুষ কেবল শোষণ ও বঞ্চনার শিকার হয়েছে।

শোষণমুক্ত পরিবেশ গড়তে আগামী ২৯ অক্টোবরের উপনির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান দেলাওয়ার হোসেন। তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের পৃষ্ঠপোষকদের কারণে জনগণ বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। জামায়াতে ইসলামীতে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজ নেই উল্লেখ করে তিনি জানান, দলটি ক্ষমতায় এলে দলমত নির্বিশেষে ঠাকুরগাঁওয়ের সব নাগরিক সমান সুযোগ-সুবিধা পাবেন এবং ঠাকুরগাঁওকে মাদকমুক্ত হিসেবে গড়ে তোলা হবে।

স্থানীয় রহিমানপুর ইউনিয়ন আমির মোহাম্মদ আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হাফেজ ওমর ফারুক। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহাম্মদ। এ ছাড়া জেলা যুব বিভাগের সভাপতি শাহজালাল জুয়েলসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।