দেশে নতুন করে ফ্যাসিবাদ ফিরলে জামায়াতকে দায় নিতে হবে: শামা ওবায়েদ
বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তির পুনরাবৃত্তি ঘটলে তার দায় জামায়াতে ইসলামীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তির পুনরাবৃত্তি ঘটলে তার দায় জামায়াতে ইসলামীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা না রাখলে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় দেশব্যাপী সন্ত্রাস ও অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছর দেশের মানুষ অত্যাচার, হামলা-মামলা ও গুমের শিকার হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের পর দেশ যখন স্থিতিশীলতার পথে, তখন আবার ফ্যাসিবাদের পুনরুত্থানের অপচেষ্টা চলছে। বিদ্যুৎ খাত প্রসঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগের সময়ে এ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং ইউনূস সরকারের সময়েও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তবে বর্তমান সরকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। পাশাপাশি বিএনপিতে স্বৈরাচারী শক্তি যেন জায়গা না পায় এবং মুক্তিযোদ্ধাদের যেন অসম্মান না করা হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এর আগে নগরকান্দা সদর পেট্রোল পাম্প এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলটি নগরকান্দা এমএন একাডেমি মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ ও যুবদল নেতা মাসুদুর রহমান তৈয়বসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।