ডেইলি বাংলাগ্রাম

‘একটি রিকশা থাকার প্রমাণ দিন’, ডিএনসিসি প্রশাসকের বক্তব্যের জবাবে গোলাম পরওয়ার

নিজের নামে কোনো রিকশা নেই দাবি করে ৭০০টি অটোরিকশার মালিকানার অভিযোগের প্রমাণ চেয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

‘একটি রিকশা থাকার প্রমাণ দিন’, ডিএনসিসি প্রশাসকের বক্তব্যের জবাবে গোলাম পরওয়ার

নিজের নামে কোনো রিকশা নেই দাবি করে ৭০০টি অটোরিকশার মালিকানার অভিযোগের প্রমাণ চেয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান অভিযোগ করেন, ওই জামায়াত নেতার নাকি ৭০০টি অটোরিকশা রয়েছে। এই অভিযোগের জবাবে শুক্রবার (৮ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান গোলাম পরওয়ার। তিনি স্পষ্ট করে বলেন, সারা দেশের কোথাও তাঁর নামে মাত্র একটি রিকশা থাকার প্রমাণ দিতে পারলেও চলবে।

ফেসবুক বার্তায় তিনি উল্লেখ করেন, রাজনৈতিক আদর্শ দিয়ে লড়াইয়ে ব্যর্থ হয়ে একটি পক্ষ ভুয়া ফটোকার্ড ব্যবহার করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সরকারের একাধিক সংস্থা ও বিভাগ থাকা সত্ত্বেও তাঁর নামে কোনো রিকশার খোঁজ কেউ দিতে পারেনি। দায়িত্বশীল পদে থেকে সিটি করপোরেশনের একজন প্রশাসকের এমন অসত্য তথ্য প্রচার এবং টেলিভিশন টকশোতে স্বার্থান্বেষী ব্যক্তিদের এই নিয়ে মিথ্যা গল্প তৈরির কঠোর সমালোচনা করেন তিনি।

সুস্থ রাজনীতির চর্চা করার আহ্বান জানিয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, এ ধরনের কুরুচিপূর্ণ মিথ্যাচার ভদ্র ও আদর্শবান ব্যক্তিদের রাজনীতিতে আসার পথ বন্ধ করে দেবে। তিনি সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানান। একই সাথে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরতে সচেতন সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার তাগিদ দেন।