ডেইলি বাংলাগ্রাম

শেখ হাসিনার আমলে দেশে গণতন্ত্র ধ্বংস হয়েছিল: রুহুল কবির রিজভী

শেখ হাসিনার শাসনকালে দেশে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শেখ হাসিনার আমলে দেশে গণতন্ত্র ধ্বংস হয়েছিল: রুহুল কবির রিজভী

শেখ হাসিনার শাসনকালে দেশে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সেই হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি আত্মত্যাগ করেছে এবং রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘কমল কুঁড়ি’ আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামানের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানানো গেলেও কাউকে আক্রমণ বা হুমকি দেওয়া যায় না। বিমানবন্দরে এক দায়িত্বপ্রাপ্ত সামরিক কর্মকর্তার ওপর হামলার চেষ্টা ও অধস্তন কর্মীদের গায়ে হাত তোলার ঘটনায় প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া উচিত। তিনি জানান, আক্তারুজ্জামান অতীতে বিএনপিতে থাকলেও দলীয় শৃঙ্খলা মানতেন না। একই সঙ্গে ওই নেতাকে বহিষ্কারের জন্য জামায়াতকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

রেমিট্যান্স প্রসঙ্গে রিজভী উল্লেখ করেন, প্রবাসীদের পাঠানো অর্থের ওপর লাখ লাখ পরিবার ও দেশের অর্থনীতি নির্ভরশীল। ফলে রেমিট্যান্স বন্ধের হুমকি দেওয়া চরম দেশবিরোধী ও গণবিরোধী কাজ। ১৯৭১, ১৯৮৬ এবং ২০২৪ সালের উদাহরণ টেনে তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী বরাবরই জাতীয় স্বার্থের চেয়ে নিজেদের দলীয় স্বার্থকে বড় করে দেখেছে। বিপরীতে বিএনপি সবসময় রাষ্ট্র ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাজনীতি করেছে।