ডেইলি বাংলাগ্রাম

পলাশনগরে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ও মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫ নম্বর ওয়ার্ডের পলাশনগর আবাসিক এলাকায় ডেঙ্গু সচেতনতা ও মশক নিধন কর্মসূচি পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

পলাশনগরে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ও মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫ নম্বর ওয়ার্ডের পলাশনগর আবাসিক এলাকায় ডেঙ্গু সচেতনতা ও মশক নিধন কর্মসূচি পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিমের নির্দেশনায় শুক্রবার পল্লবী থানা জামায়াত এই কার্যক্রমের আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিলি করা হয় এবং নিজস্ব ফগার মেশিনের সাহায্যে মশার ওষুধ ছিটানো হয়।

পল্লবী থানা আমীর রইসুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করীম। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন খান সজলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পল্লবী জোন পরিচালক নাসির উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করীম বলেন, ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ নিলেও তা মোকাবিলায় সিটি করপোরেশন ও সরকারের কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। একই সাথে তিনি জনস্বাস্থ্য সুরক্ষা এবং সন্ত্রাস ও মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে পলাশনগর ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজ হোসেন এবং পেশাজীবী ওয়ার্ড সভাপতি মো. লোকমান হোসেনসহ এলাকার বাসিন্দারা অংশ নেন। কর্মসূচি শেষে আবাসিক এলাকার বিভিন্ন অলিগলি ও বাসাবাড়ির আশপাশে মশার ওষুধ স্প্রে করা হয়। পাশাপাশি এডিস মশার বিস্তার ঠেকাতে জমে থাকা পানি অপসারণ ও চারপাশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।