ডেইলি বাংলাগ্রাম

অপরাধীদের দলীয় পরিচয় নেই, তারা কেবল সুযোগসন্ধানী: ববি হাজ্জাজ

অপরাধীদের নির্দিষ্ট কোনো রাজনৈতিক পরিচয় নেই এবং তারা কেবল সুবিধা নিতে বিভিন্ন দলে ভেড়ে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

অপরাধীদের দলীয় পরিচয় নেই, তারা কেবল সুযোগসন্ধানী: ববি হাজ্জাজ

অপরাধীদের নির্দিষ্ট কোনো রাজনৈতিক পরিচয় নেই এবং তারা কেবল সুবিধা নিতে বিভিন্ন দলে ভেড়ে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শুক্রবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ যেন অনৈতিক সুবিধা আদায় করতে না পারে, সরকার সে বিষয়ে সতর্ক রয়েছে। একই সঙ্গে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সরকারের কোনো রাজনৈতিক চাপ নেই উল্লেখ করে তিনি জানান, প্রমাণের ভিত্তিতে যেকোনো অপরাধীর বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশে মাদক তৈরি না হলেও ভারত ও মিয়ানমারের সীমান্ত দিয়ে তা ঢুকছে। বর্তমানে দেশের ৩২টি সীমান্ত এলাকা দিয়ে মাদকের বিস্তার ঘটছে। মিয়ানমার থেকে আসছে ইয়াবা ও আইস। তিনি উল্লেখ করেন, মাদক কারবারে নগদ অর্থের বদলে পোশাক, খাদ্য, জ্বালানি ও নির্মাণসামগ্রীর মতো পণ্য লেনদেন হচ্ছে, যা ‘নার্কো কারেন্সি’ নামে পরিচিত। এই প্রবণতা ভবিষ্যতে ভয়াবহ সংকট তৈরি করতে পারে বলে তিনি সতর্ক করেন। তাই কেবল অভিযানের ওপর নির্ভর না করে সামাজিক ও পারিবারিক সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন তিনি।

‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন’ শীর্ষক এই প্রতিযোগিতায় বিরোধী দল হিসেবে অংশ নেয় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ। তাদের হারিয়ে বিজয়ী হয় সরকারি দল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল।