ডেইলি বাংলাগ্রাম

রেমিট্যান্স বন্ধের ডাক দেওয়া দেশবিরোধী কর্মকাণ্ড: রুহুল কবির রিজভী

প্রবাসী আয় বা রেমিট্যান্স বন্ধের হুমকিকে চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী কাজ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রেমিট্যান্স বন্ধের ডাক দেওয়া দেশবিরোধী কর্মকাণ্ড: রুহুল কবির রিজভী

প্রবাসী আয় বা রেমিট্যান্স বন্ধের হুমকিকে চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী কাজ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, রেমিট্যান্স দেশের কোটি পরিবারের জীবিকা এবং অর্থনীতির মূল শক্তি। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য রেমিট্যান্স আটকে দেওয়ার হুমকি প্রকারান্তরে দেশের মানুষকে অনাহারে রাখা এবং জাতীয় অগ্রগতি বাধাগ্রস্ত করার শামিল।

বিমানবন্দরের সাম্প্রতিক অপ্রীতিকর পরিস্থিতির কথা উল্লেখ করে রিজভী বলেন, যেকোনো অনিয়মের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানানোর অধিকার সবার আছে। তবে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের ওপর আক্রমণ বা বিশৃঙ্খলা সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়। কোনো একক ব্যক্তির অপরাধকে পুঁজি করে রেমিট্যান্স শাটডাউনের মতো কর্মসূচি দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এ সময় তিনি ছাত্ররাজনীতিকে শুধু মিছিল ও স্লোগানে সীমাবদ্ধ না রেখে মেধা ও আন্তর্জাতিক রাজনীতি চর্চায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তরুণ সমাজের সক্রিয় ভূমিকার ফলে স্বৈরাচারের পতন নিশ্চিত হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

জিয়া স্মৃতি পাঠাগার ও ‘কমল কুঁড়ি’র যৌথ উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের ওপর আয়োজিত এই রচনা প্রতিযোগিতায় ৭ হাজার ৬৬২ জন শিক্ষার্থী অংশ নেন। ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও কমল কুঁড়ির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সঞ্চালনা করেন প্রকৌশলী হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন, নিলোফার চৌধুরী মনি এমপি, আশরাফউদ্দিন উজ্জ্বল, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি এবং জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জহির দীপ্তি।