ডেইলি বাংলাগ্রাম

চার কারণ দেখিয়ে এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

জামায়াতে ইসলামীর সঙ্গে সখ্য এবং অভ্যন্তরীণ গণতন্ত্রহীনতাসহ চারটি সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে এনসিপি ছাড়ার ঘোষণা দিয়েছেন সামান্তা শারমিন।

চার কারণ দেখিয়ে এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

জামায়াতে ইসলামীর সঙ্গে সখ্য এবং অভ্যন্তরীণ গণতন্ত্রহীনতাসহ চারটি সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে এনসিপি ছাড়ার ঘোষণা দিয়েছেন সামান্তা শারমিন। তাঁর অভিযোগ, দলটি প্রতিষ্ঠার সময়কার সংস্কারপন্থী মূল্যবোধ থেকে বিচ্যুত হয়েছে। গত ১১ মাস ধরে দলীয় ফোরামে আলোচনা ও লিখিত প্রস্তাব দিয়েও দলকে ভুল পথ থেকে ফেরাতে না পেরে তিনি পদত্যাগের পথ বেছে নিয়েছেন।

সামান্তা শারমিন উল্লেখ করেন, জামায়াতের রাষ্ট্রদর্শন অগণতান্ত্রিক এবং তারা একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চায়নি। এমন দলের সঙ্গে এনসিপির যোগাযোগ সংস্কারকামী জনগণকে হতাশ করেছে। এছাড়া ২০২৬ সালের নির্বাচনকে কেন্দ্র করে নিজস্ব রাজনীতি বিকশিত না করে দলটি বড় রাজনৈতিক শক্তির লেজুড়বৃত্তি বেছে নিয়েছে। শহীদ ওসমান হাদীর মৃত্যুর ঘটনাকে জোট গঠনের অজুহাত হিসেবে ব্যবহার করা হয়েছে বলেও তিনি জানান।

এনসিপির বিরুদ্ধে নারীদের মূল্যায়ন না করা এবং পুরোনো ধারার রাজনীতির চর্চার অভিযোগও তোলেন এই নেত্রী। তিনি জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নারীদের ব্যাপক অবদান থাকা সত্ত্বেও নীতিনির্ধারণে তাঁদের যথাযথ স্থান দেওয়া হয়নি। পাশাপাশি নিয়মতান্ত্রিক কাউন্সিল না করে আহ্বায়ক কমিটি বদল এবং ভিন্নমত দমন দলটির অভ্যন্তরীণ গণতন্ত্রের ঘাটতিকে স্পষ্ট করেছে।