ডেইলি বাংলাগ্রাম

সরকারি বাসা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ

সরকারি ফ্ল্যাট বা বাসা সাবলেট দেওয়া ব্যক্তিদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি বাসা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ

সরকারি ফ্ল্যাট বা বাসা সাবলেট দেওয়া ব্যক্তিদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় বরাদ্দ বাতিলসহ শাস্তিমূলক আইনি পদক্ষেপ নেওয়া হবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ সংক্রান্ত একটি জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছে সরকারি আবাসন পরিদপ্তর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদপ্তরের পরিদর্শন দল সম্প্রতি কিছু বাসায় অবৈধভাবে সাবলেট দেওয়ার প্রমাণ পেয়েছে। কোনো কোনো বরাদ্দপ্রাপক পুরো ফ্ল্যাট আবার কেউ এক বা দুটি কক্ষ অন্যদের কাছে ভাড়া দিয়েছেন। বিষয়টি ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’-এর সম্পূর্ণ পরিপন্থী। তাই নির্ধারিত সময়ের মধ্যে ভাড়াটিয়া বিদায় করে বরাদ্দপ্রাপককে নিজে ওই বাসায় থাকতে হবে।

নির্দিষ্ট সময়ের পর কোনো বাসায় সাবলেট পাওয়া গেলে কোনো কারণ দর্শানো ছাড়াই বরাদ্দ বাতিল করা হতে পারে। একই সঙ্গে বরাদ্দ বিধিমালার ১৪(৩) নিয়ম অনুযায়ী বিষয়টি অভিযুক্ত ব্যক্তির অফিসপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে জানানো হবে। বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশের কথাও বলা হয়েছে।