ডেইলি বাংলাগ্রাম

জাপানে প্রতি বছর এক লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

জাপানের চাহিদা বিবেচনায় দেশটিতে প্রতি বছর এক লাখ দক্ষ জনশক্তি পাঠাতে চায় বাংলাদেশ।

জাপানে প্রতি বছর এক লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

জাপানের চাহিদা বিবেচনায় দেশটিতে প্রতি বছর এক লাখ দক্ষ জনশক্তি পাঠাতে চায় বাংলাদেশ। এই প্রক্রিয়ায় কারিগরি প্রশিক্ষণার্থী ও বিভিন্ন খাতের পেশাজীবীরা বিশেষ অগ্রাধিকার পাবেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে দেশটিতে চার দিনের সরকারি সফর সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২৬ অক্টোবর শুরু হওয়া এই সফরে দুই দেশের মধ্যে কর্মসংস্থান, বাণিজ্য, জ্বালানি ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।

সফরকালে দুই দেশের সরকারি পর্যায়ে ছয়টি চুক্তি ও নথি স্বাক্ষরিত হয়। এর মধ্যে রয়েছে চারটি সহযোগিতা স্মারক, একটি অনুদান চুক্তি এবং জলবায়ু সম্পর্কিত একটি অভিপ্রায়পত্র। পাশাপাশি দুটি উন্নয়ন প্রকল্পের জন্য জাপান প্রায় ৪৬৫ কোটি ৬০ লাখ ইয়েন ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া বেসরকারি পর্যায়ে আরও ১৭টি সমঝোতা স্মারক সই হয় এবং আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কথা হয়। প্রধানমন্ত্রী সফরকালে ফুতসু ও ইচিকাওয়ার বিভিন্ন বিদ্যুৎ ও সরবরাহ ব্যবস্থা এবং নাগোয়া শহরে টয়োটার কারখানা পরিদর্শন করেন।

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা ছিল। তবে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি বিমানবন্দরে প্রায় পাঁচ ঘণ্টা আটকে থাকে। পরবর্তীতে স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।