মাতারবাড়ী বন্দর নিয়ে দেশের স্বার্থ বিসর্জন দেওয়া যাবে না: জামায়াত আমির
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে দেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা ক্ষুণ্ন করে এমন কোনো সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে দেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা ক্ষুণ্ন করে এমন কোনো সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে এই বন্দর সংক্রান্ত সব কার্যক্রম জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরার দাবি জানান তিনি। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, অতীতে দেশের স্বার্থের কথা বলে ট্রানজিট ও করিডোরসহ নানা সুবিধা দেওয়া হলেও বাংলাদেশ কার্যত কোনো সুফল পায়নি। তাই জাপান বা চীন—যেকোনো বন্ধুরাষ্ট্রের ক্ষেত্রেই সবার আগে বাংলাদেশের ভৌগোলিক সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
জামায়াত আমির আরও জানান, দেশের স্বার্থ ও সুরক্ষা নিশ্চিত করা বর্তমান সরকারের প্রধান দায়িত্ব। এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকারের কোনো ধরনের আপস বা ব্যর্থতা সাধারণ মানুষ দেখতে চায় না।