ডেইলি বাংলাগ্রাম

বিমান কর্মকর্তা তাহসিফের জানাজা শেষে ১২ নম্বর সেক্টরের গোরস্থানে তাঁকে দাফন করা হয়

তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ দাফন করা হয়েছে।

বিমান কর্মকর্তা তাহসিফের জানাজা শেষে ১২ নম্বর সেক্টরের গোরস্থানে তাঁকে দাফন করা হয়

তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ দাফন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাঁর লাশ উত্তরার বাসায় নেওয়া হয়। বাদ আসর উত্তরার ১৮ নম্বর সেক্টর জামে মসজিদে জানাজা শেষে ১২ নম্বর সেক্টরের গোরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মুস্তাফিজুর রহমান মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। নিহতের খালাতো ভাই জহির হাসান লাশটি শনাক্ত করেন। সুরতহাল অনুযায়ী, তাঁর শরীরে কোনো আঘাতের দাগ ছিল না। তবে তাঁর নাক দিয়ে রক্ত বের হচ্ছিল এবং পেট ফোলা ছিল। আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার এই ব্যক্তির চোখ ও মুখ বন্ধ ছিল এবং হাত দুটি মাথার দিকে বাঁকানো ছিল।

বুধবার বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে সংবাদ পেয়ে নৌ-পুলিশ উত্তরখানের তুরাগ নদ থেকে লাশটি উদ্ধার করে। সে সময় তাহসিফের পরনে কালো জামা ও সাদা পায়জামা ছিল। তাঁর হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই মুঠোফোনের সূত্র ধরেই পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত করে।