ডেইলি বাংলাগ্রাম

তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার: সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি জামায়াতের

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে জামায়াতে ইসলামী।

তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার: সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি জামায়াতের

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই প্রতিক্রিয়া জানান। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের কঠোর শাস্তির দাবি করেছেন। একই সঙ্গে তিনি নিহতের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

গোলাম পরওয়ার বলেন, একজন সাবেক সামরিক কর্মকর্তার এভাবে মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও অবহেলা প্রকাশ পেয়েছে। এই ঘটনায় তাদের ভূমিকা নিয়ে জনগণের মনে গভীর প্রশ্নের সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করেন, সংস্থাগুলো নাগরিকদের জীবনের নিরাপত্তা দিতে পারছে না, অথচ তারা বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে কাল্পনিক তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।

বিবৃতিতে জামায়াত নেতা উল্লেখ করেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের প্রধান দায়িত্ব। তাহসিফ সাউরির মৃত্যুর পেছনের কারণ ও জড়িত ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। তদন্তে কোনো কর্মকর্তা বা সংস্থার গাফিলতি বা সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।