আওয়ামী লীগের কায়দায় দেশ চালালে একই পরিণতি হবে: এমপি কামাল হোসেন
বর্তমান সরকার আওয়ামী লীগের মতো করে দেশ পরিচালনা করলে এবং তাদের সঙ্গে এক হলে একই রকম ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।
বর্তমান সরকার আওয়ামী লীগের মতো করে দেশ পরিচালনা করলে এবং তাদের সঙ্গে এক হলে একই রকম ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। একই সাথে তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবর ক্ষমতা হস্তান্তরের দিনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা এবং বিএনপির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বুধবার দুপুরে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুপুর আড়াইটায় জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘২৮ অক্টোবর ২০০৬ : আওয়ামী নৃশংসতা ও ফ্যাসিবাদের উত্থান’ শীর্ষক এই সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। অনুষ্ঠানে কামাল হোসেন বলেন, চারদলীয় জোট সরকারের পাঁচ বছর পূর্ণ হওয়ার পর জামায়াতে ইসলামী যৌথ সমাবেশের প্রস্তাব দিলেও প্রধান শরিক দল তা করেনি। এমনকি আক্রান্ত হওয়ার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীও তাদের ডাকে সাড়া দেননি। তিনি অভিযোগ করেন, দীর্ঘ ২০ বছর ধরে এই হত্যাকাণ্ডের বিচার বাধাগ্রস্ত হয়েছে। তবে দেশের জনগণ ভবিষ্যতে ঠিকই এর বিচার করবে। সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
কামাল হোসেন আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে চলতে পারে না। জাতীয় নেতাদের চরিত্র হনন না করার আহ্বান জানিয়ে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও সাংবাদিক ও নেতাকর্মীরা অংশ নেন।