প্রাথমিকের পাঠ্যবই ৫ নভেম্বরের মধ্যে দেওয়ার নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
সরকারি প্রাথমিকের সব পাঠ্যবই আগামী ৫ নভেম্বরের মধ্যে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সরকারি প্রাথমিকের সব পাঠ্যবই আগামী ৫ নভেম্বরের মধ্যে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পাশাপাশি তিনি জানান, পরবর্তী বছর থেকে পুরোনো যন্ত্র ব্যবহার করে বই ছাপলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আর কোনো কাজের সুযোগ দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর মাতুয়াইলে দুটি ছাপাখানা পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা দেন। প্রতিষ্ঠান দুটি হলো বর্ণমালা প্রেস এবং গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্ট। সেখানে প্রতিমন্ত্রী মুদ্রণের পদ্ধতি, কাগজের মান ও বই ছাপার সামগ্রিক অবস্থা খতিয়ে দেখেন। কয়েকটি বইয়ে রঙের বিন্যাস ও অ্যালাইনমেন্টে সমস্যা দেখতে পেয়ে তিনি সংশ্লিষ্টদের দ্রুত সতর্ক করেন।
ববি হাজ্জাজ স্পষ্ট জানান, কারিগরি সীমাবদ্ধতার অজুহাত দেখিয়ে বইয়ের মানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। শিক্ষার্থীদের হাতে উন্নত বই তুলে দিতে ভবিষ্যতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের তাগিদ দেন তিনি। পরিদর্শনের সময় এনসিটিবি ও মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।