ডেইলি বাংলাগ্রাম

নতুন পে স্কেলে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন-ভাতা নিয়ে ৮ নির্দেশনা

নতুন জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পর চুক্তিভিত্তিক কর্মকর্তাদের বেতন ও ভাতা ঠিক করতে আটটি নির্দেশনা দিয়েছে সরকার।

নতুন পে স্কেলে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন-ভাতা নিয়ে ৮ নির্দেশনা

নতুন জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পর চুক্তিভিত্তিক কর্মকর্তাদের বেতন ও ভাতা ঠিক করতে আটটি নির্দেশনা দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এটি গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। রাষ্ট্রপতির নির্দেশে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম। সরকারি, স্বায়ত্তশাসিত ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন বেসামরিক পদের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যেসব কর্মীর চুক্তির মেয়াদ গত ১ জুলাইয়ের পরও রয়েছে, তাদের বেতন চুক্তি সংশোধন সাপেক্ষে নতুন পে স্কেলের ধাপ অনুযায়ী নির্ধারিত হবে। আর ১ জুলাইয়ের পর নতুন যোগ দেওয়া ব্যক্তিদের বেতন অবসরের অব্যবহিত পূর্বের গ্রেড অনুযায়ী ধার্য করা হবে। চুক্তিভিত্তিক চাকরির সময়ে কোনো বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট, আনুতোষিক কিংবা বর্ধিত পেনশন মিলবে না। তবে নির্ধারিত বেতন থেকে গ্রস পেনশন বা বিশেষ অতিরিক্ত পেনশন বাদ যাবে না।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছাড়া অন্যদের চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বেতন-ভাতার শর্ত জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সমন্বয়ে ঠিক করা হবে। নতুন এই নির্দেশনার মাধ্যমে অর্থ বিভাগের ২০১৬ সালের ২৬ জানুয়ারির প্রজ্ঞাপনটি বাতিল করা হলো। পাশাপাশি নতুন নিয়মের সঙ্গে সাংঘর্ষিক আগের সব আদেশও বাতিল থাকবে। তবে এই প্রজ্ঞাপনের সঙ্গে সংগতিপূর্ণ আগের নির্দেশনা এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারি করা নতুন আদেশ বলবৎ থাকবে।