শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই কর্মকর্তার অনিয়ম তদন্তের নির্দেশ
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) দুই সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) দুই সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন মনিরুজ্জামান মনি এবং সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আবু সাঈদ আকন্দ। অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে এই অভিযোগগুলো খতিয়ে দেখতে বলা হয়েছে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উন্নয়ন-৩ শাখা থেকে এই সংক্রান্ত একটি দাপ্তরিক আদেশ জারি করা হয়। উপসচিব এ এস এম শাহরিয়ার জাহানের সই করা ওই আদেশে জানানো হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ ওঠে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনসহ সংশ্লিষ্ট তথ্য যুক্ত করে জমা দেওয়া অভিযোগের ভিত্তিতেই এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, একই ধরনের অভিযোগের বিষয়ে এর আগেও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান শাখা থেকে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।