টোকিওর মতো পরিচ্ছন্ন দেশ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাসহ পুরো দেশকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাসহ পুরো দেশকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে চায় সরকার। গতকাল বুধবার সন্ধ্যায় টোকিওর হোটেল নিউ ওতানিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, পরিবেশদূষণ কমানো, দ্রুত বর্জ্য অপসারণ ও গাছ লাগানোর মাধ্যমে দেশের পরিবেশকে মানুষের বসবাসের উপযোগী করতে কাজ চলছে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রান্তিক ও শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মান বাড়ানোই হলো প্রকৃত সংস্কার। তিনি জানান, বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী বছর থেকেই প্রাথমিক শিক্ষায় তৃতীয় একটি ভাষা শেখার ব্যবস্থা চালু হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে সব উপজেলা হাসপাতালকে ১৫০ শয্যায় উন্নীত করা হবে। এসব হাসপাতালে উন্নত শিশু চিকিৎসা ও ডায়ালাইসিস সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া তাঁর সফরসঙ্গীকে নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল করার বিষয়েও কথা বলেন তিনি। মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতসহ অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন।