আইইডিসিআরের পরিচালককে নিজ দপ্তরে মারধর, অভিযোগের তির বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের দিকে
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে নিজ কার্যালয়ে ঢুকে মারধর করা হয়েছে।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে নিজ কার্যালয়ে ঢুকে মারধর করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতাকর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, অধ্যাপক কাজী আহমেদ জাকি নিজের দপ্তরে কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। সে সময় ৮ থেকে ৯ জন সেখানে ঢুকে পড়েন। তারা পরিচালককে বসার চেয়ার থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করতে শুরু করেন।
আক্রান্ত পরিচালক জানান, ড্যাবের কর্মীরা দলবদ্ধ হয়ে বিশৃঙ্খলা তৈরি করে তার ওপর এই আক্রমণ চালিয়েছে। এ ঘটনার পর সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন তারা।