দেশে বিচারবহির্ভূত হত্যার সূচনা করেছিলেন শেখ মুজিব: জামায়াত নেতা এটিএম আজহার
স্বাধীন বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ক্রসফায়ারের সূচনা শেখ মুজিবুর রহমানের হাত ধরে হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
স্বাধীন বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ক্রসফায়ারের সূচনা শেখ মুজিবুর রহমানের হাত ধরে হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলে দলটির এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ দাবি করেন। ২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডির স্মরণে এই সভার আয়োজন করা হয়। তিনি বলেন, বামপন্থি নেতা সিরাজ শিকদারকে হত্যার মাধ্যমে এই বিচারবহির্ভূত হত্যার শুরু এবং তৎকালীন শাসক সংসদে দাঁড়িয়ে তা নিয়ে দম্ভ প্রকাশ করেছিলেন।
আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, দলটি স্বাধীনতার পর গণতন্ত্র ধ্বংস করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল এবং মাত্র চারটি বাদে বাকি সব গণমাধ্যম বন্ধ করে দিয়েছিল। ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, সেদিন আওয়ামী সন্ত্রাসীরা লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মেরে লাশের ওপর উল্লাস করেছিল। তিনি আরও উল্লেখ করেন, বিগত আওয়ামী সরকারের আমলে শীর্ষ নেতাদের বিচারিক হত্যা, শত শত নেতাকর্মীকে গুম-খুন এবং দল নিষিদ্ধ করার মাধ্যমেও জামায়াতকে শেষ করে দেওয়া যায়নি।
বর্তমান সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে এটিএম আজহারুল ইসলাম বলেন, চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর যারা আওয়ামী লীগকে পুনরায় পুনর্বাসন করার বা নব্য ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করবে, জনগণ তা সফল হতে দেবে না। একই সঙ্গে তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডসহ বিগত ১৫ বছরের সব গণহত্যা ও বিচারবহির্ভূত খুনের দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান।