রাজধানীতে চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপির তিন নেতাকে পিটিয়ে আহত
রাজধানীর আদাবরের মেহেদীবাগ এলাকায় ফুটপাতে চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলের নেতাকর্মীদের হামলায় স্থানীয় বিএনপির তিন নেতা গুরুতর আহত হয়েছেন।
রাজধানীর আদাবরের মেহেদীবাগ এলাকায় ফুটপাতে চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলের নেতাকর্মীদের হামলায় স্থানীয় বিএনপির তিন নেতা গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা এই হামলা চালান। আহত ব্যক্তিরা হলেন মেহেদীবাগ ইউনিট বিএনপির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক তৈয়ব আলী এবং বিএনপি নেতা শাহাবুদ্দিন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ফুটপাতের দোকানে চাঁদা তোলাকে কেন্দ্র করে ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আক্তার, সদস্য ইমরান হাবিব, মুন্না, সোহেল ও অলিসহ প্রায় ৩০ থেকে ৩৫ জন একযোগে এই হামলা চালান। পরে স্থানীয় বাসিন্দারা আহত নেতাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে পঙ্গু হাসপাতালে এবং অন্যজনকে নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি হেলাল আহমেদ রাজের মদদে আক্তার ও তার সহযোগীরা এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে আসছিল। এসব অপকর্মের প্রতিবাদ করায় তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্তদের বাঁচাতে বিভিন্ন মহল থেকে তদবির চালানো হচ্ছে বলে জানা গেছে।