এনবিআরের নামে আটজনের ভুয়া নিয়োগপত্র, সতর্ক থাকার পরামর্শ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ‘অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে আটজনের একটি নিয়োগপত্র জাল বলে চিহ্নিত হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ‘অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে আটজনের একটি নিয়োগপত্র জাল বলে চিহ্নিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আলামিন শেখ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দপ্তর থেকে এই ধরনের কোনো চিঠি প্রকাশ করা হয়নি এবং এতে ব্যবহৃত তথ্য ও স্বাক্ষর সবই বানোয়াট।
জাল নিয়োগপত্রটিতে ২০২৬ সালের ১৫ অক্টোবর তারিখ দেওয়া রয়েছে। সেখানে জাতীয় বেতন স্কেলের ১৬তম গ্রেডে ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা স্কেলে নিয়োগের কথা বলা হয়। একই সঙ্গে প্রার্থীদের ১ নভেম্বরের মধ্যে এনবিআরের বোর্ড প্রশাসন শাখায় যোগ দিতে বলা হয়েছিল। প্রতারণার উদ্দেশে তৈরি এই চিঠিতে সরকারি নাম, ঠিকানা, স্মারক নম্বর এবং প্রার্থীদের ব্যক্তিগত তথ্যের সঙ্গে কর্মকর্তার স্বাক্ষরও জুড়ে দেওয়া হয়।
এই পরিস্থিতিতে চাকরিপ্রার্থীদের বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে এনবিআর। সরকারি লোগো বা স্মারক দেখেই কোনো পত্র বিশ্বাস না করে সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইট বা বিজ্ঞপ্তির মাধ্যমে তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সত্যতা নিশ্চিত না হয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ কিংবা ব্যক্তিগত কাগজপত্র জমা না দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।