ডেইলি বাংলাগ্রাম

রোববার নতুন কাঠামোয় বাড়তি বেতন চালু হলেও বাদ পড়ছেন অনেকে

সরকারি চাকরিজীবীদের চার মাসের বকেয়াসহ নতুন কাঠামো অনুযায়ী বেতন দেওয়ার প্রস্তুতি নিয়েছে সরকার।

রোববার নতুন কাঠামোয় বাড়তি বেতন চালু হলেও বাদ পড়ছেন অনেকে

সরকারি চাকরিজীবীদের চার মাসের বকেয়াসহ নতুন কাঠামো অনুযায়ী বেতন দেওয়ার প্রস্তুতি নিয়েছে সরকার। আগামী রোববার (১ নভেম্বর) এই বেতন দেওয়ার কথা রয়েছে। তবে বেতন নির্ধারণ সংক্রান্ত নানা জটিলতার কারণে সবাই এখনই বাড়তি বেতন পাবেন না। যাদের বেতন নির্ধারণ শেষ হয়নি, তারা আপাতত পুরোনো নিয়মেই বেতন পাবেন। তাদের বাড়তি অর্থ পেতে আরও অপেক্ষা করতে হবে।

বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী এবং ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন। তাদের বড় একটি অংশ এখনো নতুন স্কেলে বেতন নির্ধারণের কাজ শেষ করতে পারেনি। নতুন নিয়মে বেতন সমন্বয়ের ক্ষেত্রে জ্যেষ্ঠদের চেয়ে জুনিয়রদের আয় বেশি হওয়া এবং পদোন্নতির পর মোট বেতন কমে যাওয়ার মতো অসঙ্গতি তৈরি হয়েছে। এছাড়া বাড়িভাড়া ভাতা ও উচ্চতর গ্রেড নির্ধারণ এবং আইবাস++ ব্যবস্থার জটিলতাও ভোগান্তি বাড়িয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর নতুন জাতীয় বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হয় এবং ৫ অক্টোবর থেকে বেতন নির্ধারণ শুরু হয়। উদ্ভূত জটিলতা নিয়ে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে আবেদন করা হলেও গত সোমবার পর্যন্ত তা সমাধান হয়নি। ১ নভেম্বরের আগে এসব নিষ্পত্তির সুযোগ কম থাকায় বিষয়টি সামলাতে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। ফলে নির্ধারিত দিনে নতুন স্কেলে বেতন দেওয়ার আয়োজন থাকলেও অনেকের কাছে বাড়তি অর্থ পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা কাটেনি।