ডেইলি বাংলাগ্রাম

মানবাধিকার ও আইনশৃঙ্খলা নিয়ে লন্ডনে ‘জাস্টিস ফর জুলাইয়ের’ প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, মানবাধিকার লঙ্ঘন এবং বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির প্রতিবাদে যুক্তরাজ্যে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানবাধিকার ও আইনশৃঙ্খলা নিয়ে লন্ডনে ‘জাস্টিস ফর জুলাইয়ের’ প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, মানবাধিকার লঙ্ঘন এবং বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির প্রতিবাদে যুক্তরাজ্যে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার লন্ডনের আলতাব আলী পার্কে এই প্রতিবাদ সভার আয়োজন করে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’। এতে মেজর আখতারুজ্জামানসহ সকল বন্দীর মুক্তির দাবি জানানো হয়। এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল এবং ইনকিলাব মঞ্চ ইউকের প্রতিনিধিরাও অংশ নেন।

সভায় বক্তারা বর্তমান বিএনপি সরকারের রাষ্ট্র পরিচালনা, ভিন্নমত দমন এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা অনুযায়ী সমাজে সাম্য, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কোনো দল ক্ষমতায় থাকলেই জবাবদিহির বাইরে চলে যেতে পারে না। দেশের অর্থনীতিতে অবদান রাখা প্রবাসীদের বিমানবন্দরে উপযুক্ত সম্মান ও সেবা দেওয়ার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়।

জাস্টিস ফর জুলাই ইউকের সভাপতি সিরাতুল আম্বিয়ার সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি আবু তালহা। সভায় সহসভাপতি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মোহাম্মদ সালাহ উদ্দিন গাজী, অর্থ সম্পাদক মোহাম্মদ আবুল খায়ের, কমিউনিটি নেতা অ্যাডভোকেট সাইফুর রহমান পারভেজ এবং সাংবাদিক এনাম চৌধুরী বক্তব্য দেন। অনুষ্ঠানে অংশ নেওয়া সংগঠনগুলো বাংলাদেশের মানবাধিকার ও নাগরিক অধিকার রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার করে।